#হিমাংশু_চট্টোপাধ্যায়✍🏻
ভোলা ময়রা ছবিতে পীযুষ গাঙ্গুলীর সহকারী হিসেবে কাজ করেছিলেন ৬ বার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক রাজা মিত্র। ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উত্তমকুমার। রাজা মিত্র ছাড়াও পরবর্তীকালে বিশেষভাবে চিহ্নিত হওয়া পরিচালক জগন্নাথ গুহ, পরিমল দাশগুপ্ত, সনৎ দাশগুপ্তেরাও এই ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন। উত্তমকুমার প্রসঙ্গে রাজা মিত্র জানিয়েছেন, “ ছবির শুটিং-এর ফাঁকে আমরা ইচ্ছে করেই ওঁকে শুনিয়ে শুনিয়ে গোদার, ফেলিনির ছবি নিয়ে আলচনা করতাম। উদ্দেশ্য ছিল, যাতে উনি আমাদের কথা শুনতে পান।“
শুটিং-এর শেষে বেশ কয়েকদিন উনি আমাদের বলতেন, “ সন্ধ্যের পর আপনারা যদি আমার ময়রা স্ট্রীটের ফ্ল্যাটে আসেন, তাহলে আন্তর্জাতিক ছবি নিয়ে আলোচনা করা যেতে পারে।“ সেই সুবাদে আমরা তাঁর ফ্ল্যাটে গিয়েছি। ভেতরের ঘরে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে গোদার, ফেলিনি সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের চলচ্চিত্রকারদের ছবি নিয়ে আলোচনা হয়েছে। লক্ষ্য করেছি, সেই সময় একজন মনোযোগী ছাত্রের মতো তিনি আমাদের কথা শুনতেন ও এই বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নানান প্রশ্ন করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করতেন। সেই অর্থে তিনি উচ্চশিক্ষার অধিকারী ছিলেন না।, কিন্তু যে কোনো বিষয়ে তাঁর জানার আগ্রহ ছিল অপরিসীম।
আমাদের দেশের মানুষজন কেউ সামান্য কিছু গুণের অধিকারী হলেই তাঁকে দেবতার আসনে বসাবার চেষ্টা করেন। উত্তমকুমারের জীবনেও এ ধরণের অনেক প্রচেষ্টা হয়েছে। কিন্তু অনুসন্ধান করলে দেখা যাবে, প্রাথমিক অবস্থায় তিনি খুব বড় ধরনের অভিনেতা ছিলেন না। ছবির জগতে ওঁর থেকে অনেক সুন্দর দেখতে অভিনেতা এসেছেন। কিন্তু অক্লান্ত পরিশ্রম আর মেধার উন্নয়ন ঘটিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন শিখরে। তিনি জানতেন , কিভাবে সংলাপ বলতে হয়। অনেক সময়ই তিনি সংলাপগুলোকে নিজের মতো তৈরি করে নিতেন। একই সঙ্গে তিনি বিশেষ ভাবে সচেতন ছিলেন ক্যামেরা সম্পর্কে এবং কখন কোন লেন্স ব্যবহার করা হচ্ছে, সেই সম্পর্কেও।
ধরা যাক, এক জায়গায় সংলাপ আছে, “সরমা, আমি তোমায় ভালবাসি।“ তিনি এই সংলাপ বলার ক্ষেত্রে আচরণ করতেন অন্যদের থেকে একটু আলাদা ভাবে। প্রথমে হয়তো শুধু “সরমা” শব্দটা বলে চলে যেতেন জানালার ধারে। তারপর ক্যামেরা টাকে কিভাবে ফ্রেমবন্দী করছে ভালোভাবে জেনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেন, “ আমি তোমায় ভালবাসি।“ এটা নিছকএকটা উদাহরণমাত্র। বাস্তব সত্য হল, তিনি ভাবতেন প্রতিটি সংলাপ ও তার অবস্থান নিয়ে। একইসঙ্গে নির্দ্ধিধায় বলা যায়, মানুষ হিসেবে তিনি ছিলেন অতুলনীয়, যার ছায়া সব সময়ই পড়তো তাঁর অভিনয়ের মধ্যেও।








No comments:
Post a Comment